
আজকালের কন্ঠ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রী হত্যা মামলায় ছাত্তার মিয়া-(৫০) নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা প্রদান করেছে আদালত।
আজ বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র দায়রা ও জেলা জজ শারমিন নিগার এই রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত ছাত্তার মিয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের হিন্দুপাড়ার মৃত সানু মিয়ার ছেলে। রায় ঘোষনার সময় আসামি ছাত্তার মিয়া আদালতে উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়ার আদালতের পুলিশ পরিদর্শক কাজী দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৮ মে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের হিন্দুপাড়ায় ছুরিকাঘাতে খুন হন চার সন্তানের জননী জোসনা বেগম। এ ঘটনায় জোসনা বেগমের পিতা আবদুল মন্নাফ বাদি হয়ে নিহত জোসনার স্বামী ছাত্তারসহ ৪জনকে আসামি করে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ মামলার আসামী ছাত্তারকে গ্রেপ্তার করে। পুলিশ ছাত্তারকে আদালতে হাজির করলে সে ম্যাজিষ্ট্রেটের কাছে ১৬৪ ধারা জবানবন্দিতে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার কথা স্বীকার করেন।
একই বছরের ৫ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার ৪জন আসামীর মধ্যে ৩জনের কোন সংশ্লিষ্টতা না পাওয়ায় প্রধান আসামী ছাত্তারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আপনার মতামত লিখুন :