পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আজ সাক্ষাৎ করবেন পিটার হাস | Daily AjKaler Kontho

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আজ সাক্ষাৎ করবেন পিটার হাস


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১৭, ২০২৪, ১২:৫৩ অপরাহ্ন
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আজ সাক্ষাৎ করবেন পিটার হাস

আজকালের কন্ঠ ডেস্ক : বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ কারণে বাংলাদেশের আন্তর্জাতিক বন্ধু ও অংশীদারদের অব্যাহত শুভেচ্ছার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে তার কার্যালয়ে আজ সাক্ষাৎ করবেন।

বুধবার (১৭ জানুয়ারি) মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস দুপুর ১২টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন। পরে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি দুপুর ১টায় মন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে সাক্ষাৎ করবেন বলে মন্ত্রীর কর্মসূচিতে রয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ জানুয়ারি নতুন ও পুরাতন মুখের সমন্বয়ে নতুন মন্ত্রিসভা গঠন করেন।

যদিও যুক্তরাষ্ট্র বলেছে, নির্বাচন ‘অবাধ বা সুষ্ঠু’ হয়নি, তবুও তারা বাংলাদেশের সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। বঙ্গভবনে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানেও অংশ নেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত।

নির্বাচনের একদিন পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘সামনের দিনগুলোতে অবাধ ও উন্মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য অভিন্ন দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিতে বাংলাদেশে মানবাধিকার ও সুশীল সমাজের সমর্থনে জনগণের সঙ্গে জনগণের ও অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর করতে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।’

জোট-নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৯তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে বুধবার রাতে উগান্ডার উদ্দেশে রওনা করবেন পররাষ্ট্রমন্ত্রী।