
আজকালের কন্ঠ ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে নতুন কাঠামো অনুযায়ী বেতন ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শ্রমিকরা। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ৯টা থেকে শ্রীপুর পৌরসভার মাওনা বাজার এলাকার ক্রাউন এক্সক্লুসিভ ওয়্যার লিমিটেড, ক্রাউন ওল ওয়্যার লিমিটেড ও ক্রাউন মিলস্ লিমিটেডের কয়েক হাজার শ্রমিক মাওনা-ফুলবাড়িয়া-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
আন্দোলনরত শ্রমিক লিটন জানান, সরকার ঘোষিত নতুন বেতন কাঠামোতে জানুয়ারি মাসে বেতন পরিশোধের কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধ করেননি। বিষয়টি নিয়ে একাধিকার কারখানার কর্তৃপক্ষের কাছে গেলেও কর্তৃপক্ষ কোন সুরাহা না করায় শ্রমিকরা আন্দোলন করছে।
শ্রমিক অসন্তোষের খবরে মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন ঘটনাস্থলে গিয়ে শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলেন। তিনি বলেন, আন্দোলনরত শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমস্যা সমাধান করা হয়েছে। দ্রুত প্রশাসনের সহযোগিতায় কারখানার মালিকপক্ষের সাথে আলোচনা করে শ্রমিকদের দাবি দাওয়া পূরণের ব্যবস্থা নেয়া হবে। দাবি পূরণের আশ্বাস পেয়ে আন্দোলনরত শ্রমিকরা বেলা ১১টা ১৫ মিনিটের সময় সড়ক ছেড়ে কারখানায় কাজে যোগ দেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহজামান জানান, শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হয়। কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি দাওয়া পূরণে আশ্বাস দিলে শ্রমিকরা কাজে যোগ দেন।
আপনার মতামত লিখুন :