
আজকালের কন্ঠ ডেস্ক : হবিগঞ্জের লাখাইয়ে বধুলাল দাস (৪২) নামের এক কৃষককে পূর্ব বিরোধের জেরে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
বুধবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত বধুলাল দাস উপজেলার বুল্লা ইউনিয়নের হেলারকান্দি গ্রামের মহালাল দাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধ লাল দাস তার চাচাত ভাই প্রমোদ দাসসহ মেলা থেকে বাড়ি পথে মাধবপুর নামক স্হানে পতিত জায়গায় কয়েক জন লোক পূর্ব বিরোধের জেরে তাদেরকে আটক করে। পরে দা দিয়ে বুধ লাল দাসের মাথার বাম পাশে ও হাতে জখম করে। গুরুতর অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত বধুলাল দাশের চাচাতো ভাই প্রমুদ লাল দাশ বলেন, সম্প্রতি একই ইউনিয়নের বাবুল মিয়ার সঙ্গে বধুলাল দাশের তুচ্ছ ঘটনা নিয়ে কথা-কাটাকাটি হয়। এর জেরে গতকাল রাতে বাবুল মিয়াসহ কয়েকজন তাঁকে কুপিয়ে হত্যা করে। সকালে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের হত্যার বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, আসামিদেরকে গ্রেপ্তারের অভিযান চলছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :