ফরম্যাটকে বিদায় বললেন ক্লাসেন | Daily AjKaler Kontho

ফরম্যাটকে বিদায় বললেন ক্লাসেন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৮, ২০২৪, ২:১৯ অপরাহ্ন
ফরম্যাটকে বিদায় বললেন ক্লাসেন

স্পোর্টস ডেস্ক : লাল বলের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটসম্যান হেনরিখ ক্লাসেন। তবে ঠিক কী কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি, তা খোলাসা করেননি এই প্রোটিয়া ব্যাটার।

ধারণা করা হচ্ছে, ক্যারিয়ারের এই পর্যায়ে টি-টোয়েন্টি লিগগুলোতেই মনযোগী হতে চান তিনি। লাল বলের ক্রিকেট থেকে অবসর নিলেও সাদা বলের ক্রিকেটে নিয়মিতই ক্লাসেনকে দেখা যাবে।

প্রোটিয়াদের হয়ে ২০১৯ থেকে ২০২৩ পর্যন্ত মাত্র চারটি টেস্ট খেলার সুযোগ পেয়েছিলেন তিনি।

দক্ষিণ আফ্রিকার সবশেষ টেস্ট সিরিজে ভারতের বিপক্ষে ছিলেন না ক্লাসেন। সে সময়ে কোচ শুকরি কনরাড জানিয়েছিলেন, ভবিষ্যতের টেস্ট পরিকল্পনায় আছেন উইকেটকিপার এই ব্যাটার।

তবে অদূর ভবিষ্যতের জন্য অপেক্ষায় থাকলেন না ক্লাসেন। ক্রিকেটের রাজকীয় ফরম্যাটকে শেষ পর্যন্ত বিদায় বলেই দিলেন। আইপিএল, দ্য হান্ড্রেড, মেজর লিগে চুক্তি রয়েছে তার।

এক বিবৃতিতে ক্লাসেনের ভাষ্য, সঠিক সিদ্ধান্ত নিচ্ছি কি না, সেটা ভেবে কয়েকটি নির্ঘুম রাত কাটানোর পর আমি লাল বলের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। এটা কঠিন সিদ্ধান্ত। কারণ, ক্রিকেটে বেশ বড় ব্যবধানে এটি আমার সবচেয়ে প্রিয় সংস্করণ।

প্রোটিয়াদের হয়ে টেস্টে ৪ ম্যাচে ১০৪ রান করেছেন ক্লাসেন। ২০১৯ সালে রাঁচিতে ভারতের বিপক্ষে অভিষেকের তিন বছর পর সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টটি খেলেন তিনি। সবশেষ দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেন দুটি টেস্ট।