সন্ত্রাসের তথ্য বিশ্বের কাছে তুলে ধরছে পররাষ্ট্র মন্ত্রণালয় | Daily AjKaler Kontho

সন্ত্রাসের তথ্য বিশ্বের কাছে তুলে ধরছে পররাষ্ট্র মন্ত্রণালয়


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২২, ২০২৩, ৬:০০ অপরাহ্ন
সন্ত্রাসের তথ্য বিশ্বের কাছে তুলে ধরছে পররাষ্ট্র মন্ত্রণালয়

আজকালের কন্ঠ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দেশে বিরোধীদলগুলো নির্বাচন বানচালে রাজনৈতিক কর্মসূচির নামে যে ধরনের সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে তার প্রকৃত তথ্য বিবৃতির মাধ্যমে বিশ্ববাসীর কাছে তুলে ধরছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভুল তথ্য দিয়ে এখন আর তারা কোনো সহানুভূতি আদায় করতে পারবে না কারও কাছে।

সিলেটের বদিকোনা মারকাজে ইজতেমা মাঠে শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আব্দুল মোমেন বলেন, বিএনপি বিদেশিদের কাছে দেশে গ্রেপ্তার নিয়ে ভুল তথ্য দিচ্ছে। সরকার প্রকৃত তথ্য তুলে ধরছে। ঢালাও ভাবে কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করছে না সরকার। যারা সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িয়েছেন, তাদের চিহ্নিত করেই শুধুমাত্র গ্রেপ্তার করা হচ্ছে।

এর আগে, বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) নগরের ১ নম্বর ওয়ার্ডের শাহজালাল মাজার-সংলগ্ন এলাকায় গণসংযোগ করেন নৌকার প্রার্থী আব্দুল মোমেন। তিনিসহ তার কর্মী-সমর্থকেরা পৃথকভাবে এলাকার বিভিন্ন স্থানে নৌকার পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।