
আজকালের কন্ঠ ডেস্ক : আচরণবিধি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত রাজশাহী-১ (গোদাগাড়ী ও তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে সশরীরে উপস্থিত হয়ে ক্ষমা চেয়েছেন।
রোববার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নিজ আইনজীবীকে সঙ্গে নিয়ে অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও দায়রা জজ মো. আবু সাইদের আদালতে উপস্থিত হন।
পরে উপস্থিতত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, চিত্রনায়িকা মাহিয়া মাহি। এ সময় তিনি নির্বাচনী পরিবেশ সুষ্ঠু আছে দাবি করে শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দেন।
মাহিয়া মাহি বলেন, প্রথমবারের মত আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। আমার ভুল হয়েছে, আমি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য আদালতকে অনুরোধ করেছি, আদালত আমাকে কঠোরভাবে সতর্ক করেছে, যাতে পরবর্তীতে এমন না হয়। আমি ইনশাআল্লাহ এটা পালন করবো। নেক্সট টাইম যাতে এমন না হয় সে বিষয়ে আমি খেয়াল রাখবো।
এর আগে শুক্রবার (১৫ ডিসেম্বর) আসনটির নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আবু সাঈদ প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ পাঠান। নির্বাচনী আচরণবিধির ভঙ্গ করে তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চরআষাড়িয়াদহ ইউনিয়নের একাধিক গ্রামে প্রচার-প্রচারণা চালালে এর সংবাদ আরটিভিসহ বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশ হয়। বিষয়টি নির্বাচনী অনুসন্ধান কমিটির দৃষ্টিগোচর হলে তা আমলে নিয়ে মাহিকে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :