২৬ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু | Daily AjKaler Kontho

২৬ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২৩, ১:২২ অপরাহ্ন
২৬ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু

আজকালের কন্ঠ ডেস্ক : গতকাল বুধবার গাজীপুরের শ্রীপুরের বনখরিয়া এলাকায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত লাইন মেরামত শেষে প্রায় ২৬ঘন্টা পর বৃহস্পতিবার সকালে ট্রেন চলাচল শুরু হয়েছে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশনের মাস্টার মো: হানিফ আলী জানান, গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজন্দ্রেপুর স্টেশনের অদুরে বনখড়িয়া এলাকায় বুধবার ভোরে গ্যাস কাটার দিয়ে লাইন কেটে ট্রেনে নাশকতা চালায় দুর্বৃত্তরা। এতে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ সাতটি কোচ লাইনচ্যুত হয়ে পড়ে এবং ৬০০ ফুট রেল সড়ক ক্ষতিগ্রস্ত হয়।

এরপরই ওই জয়দেবপুর ময়মনসিংহ সড়কে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ ১৪ ঘন্টার পর রেল কর্তৃপক্ষ বুধবার সন্ধ্যায় লাইন ট্রেন চলাচলের জন্য উপযোগী করে তুলে। রেলপথ মেরামতের পর প্রথমে বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টা ৫০ মিনিটে ভাওয়াল এক্সপ্রেস ট্রেন জয়দেবপুর স্টেশন থেকে ছেড়ে যায় এবং নিরাপদে মেরামত করা অংশ অতিক্রম করে।

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শামীমা ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাস্থল হয়ে জয়দেবপুর ময়মনসিংহ লাইনে ঢাকা থেকে ময়মনসিংহগামী তিনটি ট্রেন চলাচল করেছে। ঢাকা থেকে ভাওয়াল এক্সপ্রেস ৬টা ৪০ মিনিটে, বলাকা কমিউটার ৭টা ৫মিনিটে ও দেওয়ানগঞ্জ কমিউটার ৮টা ১২ মিনিটে দুর্ঘটনাস্থল হয়ে ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে শ্রীপুর স্টেশন ছেড়ে যায়।