আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ | Daily AjKaler Kontho

আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৩, ৪:২০ অপরাহ্ন
আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ

আজকালের কন্ঠ ডেস্ক : রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বুধবার (২৯ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এই ঘটনায় রাজশাহী সিটি করপোরেশনে এক পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হলে পুরো আদালত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাশের একটি রাস্তা থেকে দুর্বৃত্তরা ককটেলটি নিক্ষেপ করেছে আদালত চত্বরে। এ সময় বিস্ফোরিত ককটেলের স্প্লিন্টারে আদালত চত্বরে দাঁড়িয়ে থাকা একজন পরিচ্ছন্নতা কর্মী আহত হন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হক জানান, ঘটনার পরপরই পুরো আদালত চত্বরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পরিস্থিতি এখন পুরোপুরি স্বাভাবিক। তারা বিষয়টি তদন্ত করে দেখছেন।