
আজকালের কন্ঠ ডেস্ক : দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন ছিদ্র করে তেল চুরির ঘটনা ঘটেছে।
গত শুক্রবার (২৪ নভেম্বর) উপজেলার ৩নং ফতেজংপুর ইউপির চক ইসবপুর ফেরুশাডাঙ্গা এলাকায় এ তেল চুরির ঘটনাটি ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করেছে চিরিরবন্দর থানা পুলিশ।
তেল চুরির ঘটনা জানতে পেরে তাৎক্ষণিক দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম শরীফুল হক, সহকারী কমিশনার (ভূমি) রুলান্ট চাকমা, চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদসহ বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা গেছে, ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড সেন্সরের মাধ্যমে বুঝতে পারে বাংলাদেশ সীমান্তে পাইপ লিকেজ হয়েছে। পরে বাংলাদেশের পার্বতীপুর অয়েল হেড ডিপোতে বিষয়টি জানালে তারা দ্রুত পাইপ লাইন চেক করতে থাকেন। এক পর্যায়ে তারা দিনাজপুর চিরিরবন্দর উপজেলার ৩নং ফতেজংপুর ইউনিয়নের চক ইসবপুর ফেরুশাডাঙ্গা এলাকায় দেখতে পান মাটি ভেজা। তখন সেখানে পুলিশের উপস্থিতিতে লাইনম্যানরা মাটি খুঁড়ে দেখতে পান তেলের পাইপ ছিদ্র করা এবং ছিদ্রটি ক্লিপ দিয়ে বন্ধ করা হয়েছে
চিরিরবন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম শরিফুল হক বলেন, দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ ও পুলিশ সুপার ইফতেখার আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেডকে ইতোমধ্যে অবগত করা হয়েছে। ভারত থেকে ইঞ্জিনিয়ার ও লাইনম্যান এসে দ্রুত কাজে হাত দিবেন বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :