বঙ্গোপসাগরের ভাসতে থাকা ফিশিং ট্রলারের চার জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড | Daily AjKaler Kontho

বঙ্গোপসাগরের ভাসতে থাকা ফিশিং ট্রলারের চার জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৩, ১১:৩৭ পূর্বাহ্ন
বঙ্গোপসাগরের ভাসতে থাকা ফিশিং ট্রলারের চার জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড

বাগেরহাট প্রতিনিধি : বঙ্গোপসাগর উপকূলের কটকা এলাকায় ৩দিন আগে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং ট্রলারের চার জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।গতকাল রোববার (১৯ নভেম্বর) সকালে তাঁদের উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) মিডিয়া কর্মকর্তা লে. মো. মুনতাসির ইবনে মহসীন জানান, কোস্ট গার্ডের কচিখালী আউটপোস্টের সদস্যরা আজ ভোর থেকে বঙ্গোপসাগরের কটকা এলাকায় নিয়মিত টহল দিচ্ছিলেন। তাঁরা বেলা ১১টার দিকে সমুদ্রে একটি ফিশিং ট্রলার ভাসতে দেখে সেটির কাছাকাছি গেলে ওই ট্রলারে থাকা জেলেরা সাহায্য চেয়ে চিৎকার করতে থাকেন। পরে ট্রলার থেকে চার জেলেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জেলেদের প্রাথমিক চিকিৎসাসেবাসহ খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

মিডিয়া কর্মকর্তা আরও জানান, বিকল ট্রলারসহ উদ্ধার হওয়া ওই জেলেদের কোস্ট গার্ডের কচিখালী আউটপোস্টে নেওয়া হয়েছে।

জেলেদের উদ্ধৃতি দিয়ে কোস্ট গার্ডের এ কর্মকর্তা বলেন, গত ১৬ নভেম্বর মাছ ধরার জন্য সাগরে যান বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা এলাকার এ জেলেরা। পরে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে সমুদ্রে ভাসতে ছিলেন এ জেলেরা।