করোনার ভুয়া সনদে ৪ জন কারাগারে | Daily AjKaler Kontho

করোনার ভুয়া সনদে ৪ জন কারাগারে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২০, ২০২০, ৯:২৩ অপরাহ্ন
করোনার ভুয়া সনদে ৪ জন কারাগারে

আজকালের কন্ঠ ডেস্ক : টাকার বিনিময়ে করোনাভাইরাস পজিটিভ বা নেগেটিভ ভুয়া সনদ সরবরাহকারী চক্রের ৪ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

তিনদিনের রিমান্ড শেষে শনিবার আসামিদের ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে হাজির করে তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মুগদা থানার এসআই ফয়সাল মুন্সী।

এর পরিপ্রেক্ষিতে বিচারক ওই চার আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

চার আসামিরা হলেন- ফজল হক (৪০), মো. শরিফ হোসেন (৩২), মো. জামশেদ (৩০) ও মো. লিয়াকত আলী (৪৩)।

গত ১৫ জুন রাজধানীর মুগদা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ করোনার ভুয়া সনদপত্র, দুইটি কম্পিউটার, দুইটি প্রিন্টার ও দুইটি স্ক্যানার উদ্ধার করে র‌্যাব সদস্যরা। পরে আটকদের বিরুদ্ধে মুগদা থানায় মামলা দায়ের করে পুলিশ।

এরপর ১৬ জুন আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে তাদের রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে প্রত্যেককে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

আজকালের কন্ঠ /এমএম