কৃষ্ণসাগরীয় হামলায় রুশ নৌবহরের কমান্ডারসহ নিহত ৩৪, দাবি ইউক্রেনের | Daily AjKaler Kontho

কৃষ্ণসাগরীয় হামলায় রুশ নৌবহরের কমান্ডারসহ নিহত ৩৪, দাবি ইউক্রেনের


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০২৩, ১১:৩০ পূর্বাহ্ন
কৃষ্ণসাগরীয় হামলায় রুশ নৌবহরের কমান্ডারসহ নিহত ৩৪, দাবি ইউক্রেনের

অনলাইন ডেস্ক : ক্রিমিয়ায় চালানো হামলায় রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরের কমান্ডারসহ ৩৪ কর্মকর্তা নিহত হয়েছেন। মস্কোর দখলে থাকা ক্রিমিয়ার সেভাস্তোপোলে নৌবহরের সদর দফতরে শুক্রবার এই হামলা চালানো হয়েছিল বলে দাবি করেছে ইউক্রেন।

সেভাস্তোপোলে হামলাটি ছিল মস্কোর জন্য বড় আঘাত। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দরটি গত কয়েক মাস ধরে নিয়মিত ইউক্রেনীয় হামলার শিকার হচ্ছে। খবর দ্য গার্ডিয়ানের।

ইউক্রেনের স্পেশাল ফোর্স বলেছে, কৃষ্ণসাগরীয় নৌবহরের কমান্ডারসহ ৩৪ কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়াও ১০৫ জন দখলদার আহত হয়েছেন।

ক্রিমিয়ায় বৃহত্তম শহর সেভাস্তোপোলে শুক্রবার হামলার পর ভবন থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।

ইউক্রেনীয় স্পেশাল ফোর্স আরও বলেছে, নৌবহরের সদর দফর মেরামতের অযোগ্য হয়ে পড়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে বলেছে, ইউক্রেনের দাবি অনুসারে নিহত কমান্ডারের নাম অ্যাডমিরাল ভিক্টর সকোলোভ। তবে সংবাদমাধ্যমটির পক্ষ থেকে স্বতন্ত্রভাবে ইউক্রেনীয় দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

হামলার দিন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল তাদের এক সেনা নিখোঁজ রয়েছে।

২০১৪ সালে ইউক্রেনীয় ভূখণ্ড ক্রিমিয়া দখল করে রাশিয়া। এখানে রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহর মোতায়েন রয়েছে। মস্কোর এই দখলকে স্বীকৃতি দেয়নি আন্তর্জাতিক সম্প্রদায়। রুশ সেনাদের দখল থেকে ভূখণ্ডটি পুনরুদ্ধারের অঙ্গীকারের কথা জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।