এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন এবাদত | Daily AjKaler Kontho

এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন এবাদত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২১, ২০২৩, ৬:৫৫ অপরাহ্ন
এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন এবাদত

আজকালের কন্ঠ ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজ চলাকালে ইনজুরিতে পড়েছিলেন পেসার এবাদত হোসেন। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বোলিংয়ের সময় বাঁ পায়ের হাঁটুতে চোট পান তিনি। যে কারণে আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ডানহাতি এই পেসারকে রাখা হয়নি।

কপাল খারাপ, হাঁটুর সেই চোট কাটিয়ে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি এবাদত। সামনে যেহেতু বিশ্বকাপ, তাই এখন তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই আসন্ন এশিয়া কাপের ১৭ সদস্যের দলে রাখা হলেও শেষ পর্যন্ত খেলা হচ্ছে না তার।

সোমবার (২১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এবাদতের ছিটকে যাওয়ার বিষয়টি জানিয়েছে বিসিবি। হাঁটুর ‘এসিআই গ্রেড ওয়ান’ ইনজুরিতে পড়েছেন তিনি। ফলে আগামী মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলতে পারবেন কিনা তা নিয়েও আছে অনিশ্চয়তা।

গত কয়েক দিন ধরেই এশিয়া কাপের দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে অনুশীলন করছেন খালেদ আহমেদ। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য তানজিম সাকিব আগে থেকেই এশিয়া কাপের স্ট্যান্ড বাই তালিকায় ছিলেন। শেষ পর্যন্ত নির্বাচকেরা কাকে বেছে নেন, সেটাই দেখার বিষয়।