বিএনপি-জামায়াত আমাদের উপকার করেছে: শামীম | Daily AjKaler Kontho

বিএনপি-জামায়াত আমাদের উপকার করেছে: শামীম


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ৭, ২০২৩, ১:৪৭ অপরাহ্ন
বিএনপি-জামায়াত আমাদের উপকার করেছে: শামীম

আজকালের কন্ঠ ডেস্ক : আওয়ামী লীগের নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) এ কে এম শামীম ওসমান বলেছেন, বিএনপি ও জামায়াত আন্দোলন করে আওয়ামী লীগের উপকার করেছে।

গত রবিবার (৬ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশগ্রহণ করার আগে সাংবাদিকদের এ কথা বলেন আলোচিত এই এমপি।

শামীম ওসমান বলেন, ‘আমাদের দরকার দলের ভেতর ঐক্য। আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে পৃথিবীর কোনো শক্তি আওয়ামী লীগকে হারাতে পারবে না। তবে বিএনপি-জামায়াত আমাদের একটা উপকার করছে, তারা যতবেশি রাস্তায় নামবে আমাদের ঐক্য আরও বেশি সুদৃঢ় হবে।’

সরকার দলীয় এই এমপি আরও বলেন, ‘একটা পক্ষ দেশকে বাঁচানোর চেষ্টা করছে জাতির পিতার কন্যার নেতৃত্বে, আরেকটা পক্ষ অতীতের মতো দেশটাকে ধ্বংস করার চেষ্টা করছে। দেশকে বাঁচানোর জন্য আমাদের করণীয় কী, জনগণকে নিয়ে সে বিষয়ে জাতির পিতার কন্যা আমাদের দিক নির্দেশনা দিবেন। সে মোতাবেক আমরা কাজ করব।’

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ পর্যায়ের প্রায় তিন হাজার নেতা এবং জনপ্রতিনিধিকে নিয়ে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌরসভা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকরা সভায় যোগ দেন। এ ছাড়া আওয়ামী লীগের এমপি, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যান, সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র এবং সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরাও সভায় উপস্থিত ছিলেন।