সেপ্টেম্বরের শেষে ঢাকা আসছে নিউজিল্যান্ড | Daily AjKaler Kontho

সেপ্টেম্বরের শেষে ঢাকা আসছে নিউজিল্যান্ড


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ৫, ২০২৩, ১:১৪ অপরাহ্ন
সেপ্টেম্বরের শেষে ঢাকা আসছে নিউজিল্যান্ড

আজকালের কন্ঠ ডেস্ক : চলতি মাসের শেষ থেকে ফের ব্যস্ত সূচি শুরু হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় দলের। এশিয়া কাপ দিয়ে শুরু। সেই মিশন শেষ করে দেশে ফিরতেই নিউজিল্যান্ডকে আতিথ্য দেবে টাইগাররা। সেপ্টেম্বরের শেষদিকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকা আসছে টিম নিউজিল্যান্ড।

এখনও সূচি আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও সিরিজটির সূচি আরটিভিকে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি বিশ্বস্ত সূত্র।

বোর্ডের সেই কর্তার দেয়া তথ্যমতে, ২১ সেপ্টেম্বর শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। ২৩ ও ২৬ সেপ্টেম্বর মাঠে গড়াবে সিরিজের শেষ দুটি ম্যাচ। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচগুলো।

নিউজিল্যান্ড সিরিজ শেষ করতে না করতেই বেজে উঠবে বিশ্বকাপের দামামা। ৫ অক্টোবর শুরু হবে প্রায় দেড় মাসের এই মহাযজ্ঞের। বিশ্বকাপের প্রথম ম্যাচ বাংলাদেশের ৭ অক্টোবর, প্রতিপক্ষ সেই আফগানিস্তান।