আজকালের কন্ঠ ডেস্ক : ঢাকা থেকে সরাসরি সিসি ক্যামেরায় চট্টগ্রাম-১০ উপ-নির্বাচনের ভোটগ্রহণ দেখছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার সকাল ৮টায় আসনটিতে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা একটানা বিকাল ৪টা পর্যন্ত চলবে। আসনটিতে পৌনে পাঁচ লাখ ভোটার রয়েছেন।
আসনটির ১৫৬টি কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন তথা ইভিএমে ভোট গ্রহণ করা হচ্ছে। কেন্দ্রে কেন্দ্রে বসানো হয়েছে সিসি ক্যামেরা। এর মাধ্যমে ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনের কন্ট্রোল রুম থেকে সরাসরি ভোটগ্রহণ পর্যবেক্ষণ করছেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, রাশেদা সুলতানা।
ভোট পর্যবেক্ষণের জন্য প্রতিটি ভোট কক্ষে একটি এবং কেন্দ্র প্রতি দুটি সিসি ক্যামেরা বসানো হয়েছে। সব মিলিয়ে ১ হাজার ৫৬৩টি সিসি ক্যামেরা রাখা হয়েছে নির্বাচনি এলাকায়।
ইসির সরকারি জনসংযোগ পরিচালক আশাদুল হক জানান, ভোট শুরুর পর প্রথম আধা ঘণ্টায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর তারা পাননি।
নির্বাচন ভবনে ইসির আইডিইএ প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েমের নেতৃত্বে আইনশৃঙ্খলা সমন্বয় ও মনিটরিং সেল কাজ করছে।
এর আগে ঢাকা-১৭ উপ-নির্বাচন, রাজশাহী, সিলেট, বরিশাল, খুলনা, গাজীপুর, রংপুর, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন, ঝিনাইদহ পৌরসভা নির্বাচন এবং গাইবান্ধা-৫ উপ নির্বাচন সিসিটিভির মাধ্যমে পর্যবেক্ষণ করেছে ইসি।
জননিরাপত্তা বিভাগ, পুলিশ হেডকোয়ার্টার্স, বিজিবি, র্যাব ও আর্মড পুলিশের প্রতিনিধিরা রয়েছেন ওই সেলে। তারাও ঢাকার নির্বাচন ভবন থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করে কমিশনকে অবহিত করছেন।
নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান সাংবাদিকদের বলেছেন, প্রতিটি কেন্দ্রে বসানো সিসি ক্যামেরায় নির্বাচন কমিশন থেকে নিবিড় মনিটরিং করা হবে। রিটার্নিং অফিসার কার্যালয় থেকেও মনিটরিং করা হবে।
আপনার মতামত লিখুন :