বিএনপি সংঘাত তৈরির অজুহাত খুঁজছে : তথ্যমন্ত্রী | Daily AjKaler Kontho

বিএনপি সংঘাত তৈরির অজুহাত খুঁজছে : তথ্যমন্ত্রী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৩, ৬:১১ অপরাহ্ন
বিএনপি সংঘাত তৈরির অজুহাত খুঁজছে : তথ্যমন্ত্রী

আজকালের কন্ঠ ডেস্ক : তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি সংঘাত তৈরির অজুহাত খুঁজছে। অতীতেও তারা মানুষের সহায়-সম্পত্তি, পুলিশ, পথচারীর ওপর হামলা, গাড়ি-ঘোড়া ভাঙচু, আগুন দিয়েছে। কিন্তু আমরা (আওয়ামী লীগ) কখনোই সংঘাত চাই না।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে সচিবালয়ে প্রয়াত প্রাদেশিক পরিষদ সদস্য ও সাংবাদিক স. ম আলাউদ্দীন স্মরণে প্রকাশিত ‘দীপ্ত আলাউদ্দীন’ সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, সরকারি দল হিসেবে আমাদের দায়িত্ব মানুষের পাশে থাকা। সে দায়িত্ববোধ থেকেই ২৭ জুলাই যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ সম্মিলিতভাবে সমাবেশের ডাক দিয়েছে। দেশে কোনো সংকট নেই। বিএনপি সংকট তৈরির চেষ্টা করছে, কিন্তু পারেনি। বরং তাদের দলের মধ্যে সংকট ঘনীভূত হচ্ছে।

বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি ২০১৪ সালে সংকট তৈরির অপচেষ্টা করেছিল, ভেবেছিল সরকার তিন মাসের মধ্যে পড়ে যাবে। কিন্তু সেই সরকার পাঁচ বছর পূর্ণ করেছে। ২০১৮ সালেও তারা সংকট তৈরির অপচেষ্টা করেছিল, আবারও ভেবেছিল সরকার মনে হয় টিকবে না। বিভিন্ন দেশের কূটনীতিকের কাছে নানান দেন-দরবার, দেশে-বিদেশে লবিস্ট নিয়োগ করে তারা অনেক চেষ্টা করেছিল। তারা কিছুই করতে পারেনি।

২৭ জুলাই বিএনপির পাশাপাশি আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সমাবেশ ডাকা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রথমত বিএনপি যে দিন সমাবেশ ডাকবে সেদিন এতো বড় ঢাকা শহরে আর কেউ সমাবেশ করতে পারবে না -এ নিয়ম তো নাই। দ্বিতীয়ত বিএনপি যখন সমাবেশ ডাকে তখন তো মানুষ আতঙ্কে থাকে, সরকারি দল হিসেবে আওয়ামী লীগ কিংবা এর সহযোগী সংগঠনের দায়িত্ব হচ্ছে মানুষের পাশে থাকা, বিশৃঙ্খলার বিষয়ে সতর্ক থাকা।