রামপালের জন্য আনা কয়লা খালাসে বাধা নেই | Daily AjKaler Kontho

রামপালের জন্য আনা কয়লা খালাসে বাধা নেই


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৩, ৭:০১ অপরাহ্ন
রামপালের জন্য আনা কয়লা খালাসে বাধা নেই

আজকালের কন্ঠ ডেস্ক : ইন্দোনেশিয়া থেকে মোংলায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩১ হাজার টন কয়লা নিয়ে আসা লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ এমভি পানাগিয়া কানালার কয়লা খালাসে বাধা নেই। চীনের সিসিএক্স শিপিং কোম্পানির দায়ের করা মামলায় জাহাজটির বিরুদ্ধে দেওয়া আটকাদেশ প্রত্যাহার করেছেন হাইকোর্ট।

শনিবার (১৫ জুলাই) সম্পূরক কার্যতালিকা তৈরি করে বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর একক হাইকোর্ট বেঞ্চ আটকাদেশ প্রত্যাহারের আদেশ দেন।

আদালতে এ-সংক্রান্ত শুনানির সময় উপস্থিত ছিলেন বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ হোসেন।

সংশ্লিষ্টরা বলছেন, আদালতের এই আদেশের ফলে জাহাজটি থেকে কয়লা খালাসে আর কোনো বাধা নেই।

আদালতে শুনানির সময় বিদেশি জাহাজটিতে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা আনা হয়েছে বলে জানানো হয়। বিষয়টি নজরে আনায় জাতীয় স্বার্থে আগের আদেশ প্রত্যাহার করেছেন হাইকোর্ট। আদেশের কপি মোংলা সমুদ্রবন্দর কর্তৃপক্ষের কাছে পাঠাতে বলা হয়েছে।

এর আগে গত বুধবার (১২ জুলাই) জাহাজের নামে দুই কোটি ৯৯ লাখ ৪৫ হাজার ১৮২ দশমিক ৬৬ টাকা ক্ষতিপূরণ দাবি করে চায়নার সিসিএক্স শিপিং কোম্পানি লিমিটেডের প্রতিনিধি মো. আবুল হাসান। মামলার প্রেক্ষিতে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী আটকাদেশ দিয়েছিলেন। হাইকোর্টের আদেশের পরদিন বন্দর কর্তৃপক্ষ ওই জাহাজের এনওসি স্থগিত করেছিল।