ফিলিস্তিনিদের গুলিতে এবার ৪ ইসরায়েলি নাগরিক নিহত | Daily AjKaler Kontho

ফিলিস্তিনিদের গুলিতে এবার ৪ ইসরায়েলি নাগরিক নিহত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২১, ২০২৩, ৪:৫৩ অপরাহ্ন
ফিলিস্তিনিদের গুলিতে এবার ৪ ইসরায়েলি নাগরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পশ্চিমতীরে একটি ইহুদি বসতির কাছে ফিলিস্তিনি বন্দুকধারীদের গুলিতে চার ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। মঙ্গলবার (২০ জুন) বন্দুকধারীরা এলি বসতি এলাকায় রাস্তার পাশের একটি রেস্তোরাঁ ও একটি গ্যাস স্টেশনে গুলি ছুড়লে হতাহতের ওই ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে একটি শিশুও রয়েছে।

ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাসের দাবি, জেনিন শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানের জবাবে এ হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ওই হামলার পর তারা পশ্চিমতীরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে।বন্দুকধারীদের দুজন তাদের সশস্ত্র শাখার সদস্য বলে জানিয়েছে হামাস। এই হামলাকে তারা ‘বীরোচিত জবাব’ হিসেবে অভিহিত করেছে।

ইসরাইয়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দুকধারীদের একজন ঘটনাস্থলে এক বেসামরিক নাগরিকের গুলিতে নিহত হয়েছেন। আর অন্যজন ঘটনাস্থল থেকে পালানোর সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হন।

ফিলিস্তিনি যোদ্ধা ও ইসরায়েলি সেনাদের মধ্যে কয়েক ঘণ্টার বন্দুকযুদ্ধের পরদিন এ হামলার ঘটনা ঘটল। এর আগে সোমবার (১৯ জুন) জেনিনের আশপাশের এলাকায় ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর ঘাঁটি লক্ষ্য করে হেলিকপ্টার থেকে গুলি ছোড়েন। এতে ছয় ফিলিস্তিনি নিহত হন। ওই হামলায় আহত হয়েছেন ৯০ জনের বেশি মানুষ। আহত ব্যক্তিদের মধ্যে সাত ইসরায়েলি সেনাও রয়েছে। সূত্র: রয়টার্স