আ. লীগের মনোনয়ন ফরম তুললেন ১২ জন | Daily AjKaler Kontho

আ. লীগের মনোনয়ন ফরম তুললেন ১২ জন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ৬, ২০২৩, ১০:৩৪ পূর্বাহ্ন
আ. লীগের মনোনয়ন ফরম তুললেন ১২ জন

আজকালের কন্ঠ ডেস্ক : ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলী আরাফাতসহ ১২ জন।

গত সোমবার (৫ জুন) ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম সংগ্রহকারীরা হলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ আলী আরাফাত, গুলশান থানা আওয়ামী লীগ সদস্য আরাফাত আশওয়াদ ইসলাম, মুজিবনগর বিসিএস মুক্তিযোদ্ধা অফিসার ও কর্মচারী সমিতির সভাপতি মোহাম্মদ মুসা, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য মোহাম্মদ ওয়াকিল উদ্দিন, ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা নজরুল ইসলাম তামিজি, ক্যান্টনমেন্ট থানা আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তরের সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য মো. আবু সাঈদ, যুবলীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. আব্দুল খালেক, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক কানিজ ফাতেমা সুলতানা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের (একাংশ) সাধারণ সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আবদুল কাদের খান ও বনানী থানা আওয়ামী লীগের সভাপতি এ কে এম জসিম উদ্দিন।

এর আগে, উপনির্বাচনে দলীয় প্রার্থী ঠিক করতে গত শনিবার থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। মঙ্গলবার (৬ জুন) বিকেল পর্যন্ত দলীয় ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

এদিকে, আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হবে ঢাকা-১৭ আসনে উপনির্বাচন। এই ভোট হবে কাগজের ব্যালটে। গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) মারা যাওয়ার পর এই আসন শূন্য ঘোষণা করা হয়।

উল্লেখ্য, আওয়ামী লীগের হয়ে নানা বুদ্ধিবৃত্তিক কাজে যুক্ত ছিলেন মোহাম্মদ আলী আরাফাত। গত ডিসেম্বরে প্রথমবারের মতো দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হন তিনি। এবার সংসদ সদস্য হওয়ার জন্য দল থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন তিনি।