৩০ রুশ মিসাইলের ২৯টিই ধ্বংসের দাবি ইউক্রেনের | Daily AjKaler Kontho

৩০ রুশ মিসাইলের ২৯টিই ধ্বংসের দাবি ইউক্রেনের


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ১৮, ২০২৩, ২:৫১ অপরাহ্ন
৩০ রুশ মিসাইলের ২৯টিই ধ্বংসের দাবি ইউক্রেনের

অনলাইন ডেস্ক : ইউক্রেনীয় বাহিনী দাবি করেছে, রাতভর রাশিয়ার ছোড়া ৩০টি ক্ষেপণাস্ত্রের মধ্যে একটি ছাড়া বাকি সবগুলো ধ্বংস করা হয়েছে। অপর একটি রুশ মিসাইলের হামলায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইউক্রেনের বিমান বাহিনী টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে দাবি করেছে যে, রাশিয়ান বাহিনী গত বুধবার দিবাগত রাতভর ৩০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্যে ২৯টিই ধ্বংস করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো ছিল বিভিন্ন পাল্লার এবং সেগুলো বিভিন্ন দিক থেকে ছোড়া হয়েছে।

এ ছাড়া ইউক্রেনের এয়ার ফোর্স দুটি অ্যাটাক ড্রোন এবং দুটি গোয়েন্দা ড্রোনও গুলি করে ধ্বংস করেছে বলে দাবি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটিজুড়ে সারারাত বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কর্তৃপক্ষ দেশব্যাপী রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে।

ইউক্রেনীয় বিমান বাহিনী বিবৃতিতে বলেছে, সমুদ্র, আকাশ এবং স্থল থেকে মোট ৩০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। বিমান প্রতিরক্ষা বিভাগ এর একটি ছাড়া বাকি ক্ষেপণাস্ত্র ধ্বংস করে ফেলেছে।

অপরদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় অপারেশনাল কমান্ড বৃহস্পতিবার দিনের শুরুতে বলেছে, একটি রাশিয়ান ক্ষেপণাস্ত্র দক্ষিণের বন্দর শহর ওডেসার একটি শিল্প অবকাঠামো ফ্যাসিলিটিতে আঘাত হেনেছে। এতে একজন নিহত এবং দুইজন আহত হয়েছে।