আজকালের কন্ঠ ডেস্ক : মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় যশোরের বাঘারপাড়ার মো. আমজাদ হোসেন মোল্লাসহ চার আসামির বিরুদ্ধে রায় ঘোষণার জন্য (সিএভি) যে কোনো দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মামলায় চার আসামির মধ্যে একজন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। আর বাকি তিনজন পলাতক। এর আগে মামলায় মোট আসামি ছিলেন পাঁচজন। তাদের মধ্যে নওশের নামের একজন মারা গেছেন। এখন আসামি রয়েছেন চার জন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রসিকিউটর অ্যাডভোকেট রেজিয়া সুলতানা চমন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
রাষ্ট্র ও আসামি উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বৃহস্পতিবার (১১ মে) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি আবু আহমেদ জমাদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম।
আদালতে এ দিন রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী, মো. সাহিদুর রহমান ও প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। আর আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুস সাত্তার পালোয়ান।
আপনার মতামত লিখুন :