সংসদীয় কমিটির সভাপতিদের গাড়ির তেল খরচ দেয়ার প্রস্তাব | Daily AjKaler Kontho

সংসদীয় কমিটির সভাপতিদের গাড়ির তেল খরচ দেয়ার প্রস্তাব


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ৫, ২০২০, ৯:১৯ অপরাহ্ন
সংসদীয় কমিটির সভাপতিদের গাড়ির তেল খরচ দেয়ার প্রস্তাব

আজকালের কন্ঠ ডেস্ক : সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিদের জ্বালানি খরচ সরকারিভাবে মেটানোর প্রস্তাব করা হয়েছে। সরকারের পক্ষ থেকে যদি গাড়ি দেয়া হয় সেটি যেন জ্বালানি খরচসহই ব্যবস্থা করা হয়- এমন প্রস্তাব উঠেছে সংসদীয় কমিটির বৈঠকে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির এক বৈঠকে এই প্রস্তাব করা হয়। বিষয়টি বিবেচনার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন খোদ সভাপতি নিজেই। বৈঠকে বলা হয়, সভাপতিকে গাড়ি ও ড্রাইভারের সঙ্গে জ্বালানি সরবরাহের জন্য সুপারিশ করা হয়।

এ ছাড়া শুধু এসিল্যান্ড নয়, নির্বাহী ম্যাজিস্ট্রেটদেরও গাড়ি সুবিধা দেয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বৈঠকে বিসিএস (তথ্য) ক্যাডারের বাংলাদেশ বেতারে কর্মরত কর্মকর্তাদের পদোন্নতি জট নিরসনে শিগগিরই সুপারনিউমারি পদ সৃজন করে পদোন্নতি প্রদানের সুপারিশ করা হয়। এ ছাড়া জনমুখী জনপ্রশাসন গড়ে তোলার লক্ষ্যে শুদ্ধাচারের ব্যাপক প্রসারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, আবুল হাসান মাহমুদ আলী, আ স ম ফিরোজ, হাফিজ আহমদ মজুমদার, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, দীপংকর তালুকদার, পনির উদ্দিন আহমেদ এবং মোকাব্বির খান অংশ নেন।

বৈঠক শেষে এ তথ্য নিশ্চিত করে কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান বলেন, সংসদীয় কমিটিগুলো কিন্তু সরকারের ওয়াচডক হিসেবে কাজ করে। কিন্তু তারা সংসদে অফিস ও আপ্যায়ন ভাতা ছাড়া আর কিছু পান না। এ জন্য সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিকে গাড়ি ও ড্রাইভারের সঙ্গে জ্বালানি প্রদানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয় বৈঠকে।।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে সংসদীয় কমিটির এক সভাপতি বলেন, এ ধরনের সুপারিশ করার আগে সব কমিটির সভাপতিদের সঙ্গে কথা বলা উচিত।

উল্লেখ্য, সংসদ সদস্য (পারিতোষিক ও ভাতাদি) আদেশ, ১৯৭৩ (মে ২০১৬ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী, একজন এমপি সংসদীয় কমিটিতে উপস্থিত থাকলে যাতায়াত বাবদ কিলোমিটার (সড়ক পথে) প্রতি ১০ টাকা করে পান। এমপি হিসেবে শপথ নেয়ার সময় যে ঠিকানা ব্যবহার করা হয় সেই ঠিকানা অনুযায়ী তারা যাতায়াত ভাড়া পান। যে এলাকা থেকে তিনি নির্বাচিত হন, সেই এলাকার ঠিকানা শপথের সময় ব্যবহার করা হয়। এ ছাড়া প্রতি বৈঠকে উপস্থিতির জন্য ১০০০ টাকা পান। এ ছাড়া সংসদীয় কমিটির সভাপতিরা সরকারি কার্যালয় ও অফিস খরচ পেয়ে থাকেন।

আজকালের কন্ঠ /এমএম