ইংল্যান্ডে তিনটির বেশি টমেটো কেনা যায় না : বাণিজ্যমন্ত্রী | Daily AjKaler Kontho

ইংল্যান্ডে তিনটির বেশি টমেটো কেনা যায় না : বাণিজ্যমন্ত্রী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ৩, ২০২৩, ৪:৪৭ অপরাহ্ন
ইংল্যান্ডে তিনটির বেশি টমেটো কেনা যায় না : বাণিজ্যমন্ত্রী

আজকালের কন্ঠ ডেস্ক : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী বলেছেন, ইংল্যান্ডে তিনটির বেশি টমেটো কেনা যায় না। জার্মানির স্টোরগুলোতে তেলের তাক খালি পড়ে আছে। সারা বিশ্বের বাজারে একই অবস্থা। সেই বিবেচনায় আমরা বাংলাদেশের মানুষ ভালোই আছি।

সোমবার (৩ এপ্রিল) রাজধানীর উত্তরায় রমজান মাসের দ্বিতীয় পর্বে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে টিসিবির মাধ্যমে প্রতি মাসে আমরা ১ কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে ডাল, তেল, চিনি এবং রমজান উপলক্ষে ছোলা ও ঢাকা শহরে খেজুর দিয়েছি। প্রতি মাসে একবার দেই। কিন্তু রমজান মাসের কথা চিন্তা করে আমরা দুই বার দিচ্ছি।

টিপু মুনশী বলেন, আমরা প্রথমে চিন্তা করছিলাম ৫০ লাখ মানুষকে দেওয়া যায় কি না, কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন ১ কোটি পরিবারকে দিতে। আমাদের দেশে ৩ কোটি থেকে সাড়ে তিন কোটি মানুষ দরিদ্রসীমায় রয়েছে। কিন্তু আমরা তার চেয়েও বেশি সংখ্যক মানুষকে এই সুবিধা দিয়েছি। প্রধানমন্ত্রী এটা চালিয়ে যেতে বলেছেন।