ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলছেন সাকিব | Daily AjKaler Kontho

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলছেন সাকিব


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ৪, ২০২৩, ২:৫০ অপরাহ্ন
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলছেন সাকিব

স্পোর্টস ডেস্ক : ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে বাংলাদেশ। আগামী ১৪ মার্চ শেষ হবে এই সিরিজের খেলা। এর ঠিক পরের দিনই শুরু হচ্ছে ওয়ানডে ফরম্যাটের ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ (ডিপিএল)।

তাই ডিপিএল শুরুর আগে খেলোয়াড়দের দলবদলের মৌসুম চলছে। তাই পছন্দের ক্রিকেটারদের নিজেদের দলে ভেড়াতে উঠে পড়ে লেগেছে ক্লাবগুলো। এবারও টাইগার ‘পোস্টারবয়’ সাকিব আল হাসানকে নিজেদের দলে ভিড়িয়েছে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব।

এ জন্য আজ (৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় মিরপুর শের-ই-বাংলার সিসিডিএম কার্যালয়ে আসেন বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব। সেখানেই মোহামেডানের সঙ্গেই আনুষ্ঠানিক চুক্তি সেরেছেন বিশ্বসেরা এই টাইগার অলরাউন্ডার।

গত মৌসুমেও মোহামেডানের জার্সিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন সাকিব। তবে দল পরের রাউন্ডে যেতে না পারায় তিনি পরে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে মাশরাফীর নেতৃত্বে খেলেছিলেন। তবে এবারও সাদা-কালো শিবিরেই খেলবেন দেশসেরা এই ক্রিকেটার।

চুক্তি শেষে গণমাধ্যমের পক্ষ থেকে সাকিবের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি। তবে মোহামেডানের জ্যেষ্ঠ ক্লাব কর্মকর্তা তারিকুল ইসলাম টিটু বলেছেন, ‘মোহামেডান ঐতিহ্যবাহী দল। আমরা সবসময়ই ভালো দল গড়ার চেষ্টা করি। এবারও সাকিব-মাহমুদউল্লাহকে নিয়েছি। আশা করি সে আমাদের হয়ে খেলবে।’

গুঞ্জন উঠেছিল, আসন্ন ডিপিএলে মোহামেডানের চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর হয়ে খেলবেন সাকিব। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে এক ভিডিও বার্তায় মোহামেডান স্পোর্টিং ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছিল তাদের দলেই খেলবেন নাম্বার ওয়ান অলরাউন্ডার। অবশেষে সেই আনুষ্ঠানিকতাও সারল ক্লাবটি।