বাউফলে রশিদ ছাড়াই ভর্তির ফিস আদায় | Daily AjKaler Kontho

বাউফলে রশিদ ছাড়াই ভর্তির ফিস আদায়


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৩, ২০২৩, ৩:২৩ অপরাহ্ন
বাউফলে রশিদ ছাড়াই  ভর্তির ফিস আদায়

সঞ্জয় দেবনাথ সিনিয়র রিপোর্টার : পটুয়াখালীর বাউফল উপজেলার ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রী কলেজে রশিদ ছাড়াই ভর্তির ফিস আদায়ের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই কলেজে একাদশ শ্রেণীতে ২০২২-২০২৩ইং শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম চলছে।

ইতিমধ্যে বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক শাখায় ১৫৯জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। এদের কাছ থেকে ভর্তি ফিস আদায় করার পর ৫০০ টাকার কোনো রশিদ দেয়া হচ্ছে না। নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থী জানায়, প্রত্যেক শিক্ষার্থী ভর্তির জন্য ১৫০০-৩০০০ টাকা আদায় করা হচ্ছে। এরমধ্যে ৫০০ টাকার রশিদ দেয়া হচ্ছে না। রশিদ ছাড়াই মোট ১৫৯ জন শিক্ষার্থীর কাছ থেকে ৭৯৫০০ টাকা আদায় করা হয়েছে। এই টাকা কলেজের অধ্যক্ষ ও কতিপয় শিক্ষক আত্মসাৎ করার উদ্দেশ্যেই কোনো রশিদ দেয়া হয়নি।

একাধিক অভিভাবক বলেন, উপজেলার একমাত্র মহিলা কলেজে ভর্তি বাণিজ্য করে লাখ লাখ টাকা আত্মসাতের পাঁয়তারা চলছে, বিষয়টি দুঃখজনক। ভর্তি কমিটির আহবায়ক ও গণিত বিভাগের সহকারি অধ্যাপক মো. নুরুল ইসলাম খান বলেন, আমি কিছুই বলতে পারবো না, এ বিষয়ে অধ্যক্ষ ভালো জানেন। কলেজের অধ্যক্ষ মো. আবু জাফর বলেন, কেবল টাকা আদায় করা হয়েছে। এখন পর্যন্ত খরচ তো হয়নি। সকল শিক্ষার্থীকেই ৫০০ টাকার রশিদ দেয়া হবে।