সিটি নির্বাচনে আমু-তোফায়েল সমন্বয়ক থাকতে পারবেন না: সিইসি | Daily AjKaler Kontho

সিটি নির্বাচনে আমু-তোফায়েল সমন্বয়ক থাকতে পারবেন না: সিইসি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১১, ২০২০, ৫:৩৭ অপরাহ্ন
সিটি নির্বাচনে আমু-তোফায়েল সমন্বয়ক থাকতে পারবেন না: সিইসি

আজকালের কন্ঠ ডেস্ক : আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সমন্বয়ক হিসেবে তোফায়েল আহমেদ ও আমির হোসেন আমু দায়িত্ব পালন করতে পারবেন না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

আজ শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি এ কথা জানান। এর আগে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন।

দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকে এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনে আরেক সদস্য তোফায়েল আহমেদকে সমন্বয়কের দায়িত্ব দেয়া হয়েছে।

এমপিরা নির্বাচন সংক্রান্ত সমন্বয় করতে পারবেন কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি কেএম নূরুল হুদা বলেন, ‘নির্বাচন সংক্রান্ত কোনো সমন্বয় তারা করতে পারবেন না। ঘরেই হোক কিংবা বাইরে, নির্বাচন সংক্রান্ত কোনো কাজ তারা করতে পারবেন না। এটাই নির্বাচনী আচরণবিধিতে বলা হয়েছে’।

আজকালের কন্ঠ /এমএম