আন্তজাতিক ডেস্কঃ ডিসেম্বর ২৯, ২০২২
চীন থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব যাত্রীকে বাধ্যতামূলক ভাবে কভিড পরীক্ষা করাতে হবে। আগামী সপ্তাহে বেইজিং সীমান্ত খুলে দেয়ার পর এই নির্দেশ কার্যকর হবে। খবর বিবিসি।
সম্প্রতি চীনে সংক্রমণ পরিস্থিতির অবনতি হওয়ায় বেশ কয়েকটি দেশ এমন নির্দেশনা দিয়েছে। এর মধ্যে রয়েছে ইতালি, জাপান, মালয়েশিয়া, তাইওয়ান ও ভারত।
সীমান্ত অতিক্রমে তিন বছর কড়া বিধিনিষেধের পর আগামী ৮ জানুয়ারি থেকে ভ্রমণ সহজের ঘোষণা দিয়েছে বেইজিং। কিন্তু তার আগেই বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে ‘শূন্য-কভিড নীতি’ মেনে আসা দেশটি। পশ্চিমা সংবাদ সংস্থার মতে, দেশটিতে লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছে।
তবে প্রতিক্রিয়ায় চীন বলছে, ‘বৈজ্ঞানিক’ ভিত্তিতেই ব্যবস্থা নেয়া উচিত। কিছু দেশ ও সংবাদমাধ্যম পরিস্থিতিকে বাড়িয়ে দেখাচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।
যুক্তরাজ্য সরকার বলেছে, ভ্রমণকারীদের জন্য পরীক্ষা বা অন্যান্য প্রবেশের বিধিনিষেধ পুনরায় চালু করার কোনো পরিকল্পনা নেই।
গত ২৬ ডিসেম্বর চীন জানায়, তারা ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা শিথিল করবে। ৮ জানুয়ারি থেকে চীনে প্রবেশকারীদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনের নিয়ম উঠে যাবে। চীনা নাগরিকরা পুনরায় পাসপোর্টের আবেদন করতে পারবেন।
যুক্তরাষ্ট্র বলেছে, ৫ জানুয়ারি থেকে চীন, হংকং ও ম্যাকাও থেকে ভ্রমণকারী সব যাত্রীদের দেশটিতে প্রবেশের ক্ষেত্রে কভিড নেগেটিভ পরীক্ষার প্রয়োজন হবে।
স্বাস্থ্য বিভাগের এক বিবৃতিতে বলা হয়, বিমান যাত্রীদের দুদিনের বেশি আগে কভিড পরীক্ষায় নেগেটিভ ফল দেখাতে হবে। যারা ফ্লাইটের ১০ দিনের বেশি আগে পজিটিভ পরীক্ষা করেছেন তারা নেগেটিভ ফলের পরিবর্তে সেরে উঠার নথি দেখাতে পারবেন। এ নিয়ম তৃতীয় দেশের মাধ্যমে আসা এবং যুক্তরাষ্ট্রের মাধ্যমে অন্যান্য গন্তব্যে যাতায়াতকারী যাত্রীদের জন্যও প্রযোজ্য।
আপনার মতামত লিখুন :