নোয়াখালীতে রোহিঙ্গাদের জন্য বরাদ্দের দুই ট্রাক চাল জব্দ | Daily AjKaler Kontho

নোয়াখালীতে রোহিঙ্গাদের জন্য বরাদ্দের দুই ট্রাক চাল জব্দ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২০, ২০২২, ৩:৫২ অপরাহ্ন
নোয়াখালীতে রোহিঙ্গাদের জন্য বরাদ্দের দুই ট্রাক চাল জব্দ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্প থেকে রোহিঙ্গাদের জন্য বরাদ্দকৃত চাল পাচারের সময় দুটি চালের ট্রাকসহ তিনজনকে আটক করে পুলিশ। গতকাল সোমবার রাতে সুবর্ণচরের মঞ্জু চেয়ারম্যান বাজার ও তোতার বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক হয়েছেন সুবর্ণচরের উত্তর চরজুবলি গ্রামের মনির হোসেন (৩৮), গাড়ি দুটির চালক একই উপজেলার চর আমান উল্যাহর শাহাদাত হোসেন শামীম (২৬), চরমজিদ গ্রামের ওসামন গনি (২৫)।

আজ মঙ্গলবার সকালে জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, গতকাল বিকেলে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে ‘Forcibly Displaced Myanmar Nationals’ (FDMN) এর রিলিফের চাল ট্রলার যোগে মেঘনা নদী হয়ে হাতিয়ায় আসে। পরে সেই বস্তাগুলো ভূমিহীন বাজারে এনে বস্তা পরিবর্তন করে রাতে ট্রাক যোগে পাচারের উদ্দেশে সুবর্ণচরের দিকে নিয়ে যাওয়া হয়। বিষয়টি গ্রাম পুলিশ নূর করিম জানলে রাতে মঞ্জু চেয়ারম্যান বাজারে অবস্থান নেন তিনি। রাত ১টার দিকে প্রথমে একটি ট্রাক ভূমিহীন বাজার থেকে আসতে দেখেন তিনি। ট্রাকটি বাজারের ভিতরে ঢোকার সময় সেটির গতিরোধ করার চেষ্টা করলে তাকে ধাক্কা দিয়ে দ্রুত বাজার পার হয়ে যায় ট্রাকটি।

পরে নূর করিম চরজব্বার থানায় জানালে উপ পরিদর্শক (এসআই) নূর নবী তোতার বাজার এলাকায় ওই ট্রাকটিসহ পরে আসা আরেকটি ট্রাক চালসহ জব্দ করেন। একইসঙ্গে এ ঘটনায় জড়িত থাকায় ট্রাক চালকসহ তিনজনকে আটক করে পুলিশ। তবে জব্দকৃত চাল গুলো কত টন হবে তা এখনও পরিমাপ করা হয়নি বলে জানান তিনি।

সরকারি রিলিফের চাল জব্দের ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আজকালের কন্ঠ /আরএম