জেলা তথ্য অফিস, ফেনীর আয়োজনে বেদেপল্লীতে ভিডিও কলের মাধ্যমে উঠান বৈঠক অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

জেলা তথ্য অফিস, ফেনীর আয়োজনে বেদেপল্লীতে ভিডিও কলের মাধ্যমে উঠান বৈঠক অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ৫, ২০২২, ৬:১২ অপরাহ্ন
জেলা তথ্য অফিস, ফেনীর আয়োজনে বেদেপল্লীতে ভিডিও কলের মাধ্যমে উঠান বৈঠক অনুষ্ঠিত

হাসনাত তুহিন ফেনী প্রতিনিধিঃ জেলা তথ্য অফিস, ফেনীর আয়োজনে চার তারিখ রবিবার সদর উপজেলার বেদেপল্লীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকারের গৃহীত কার্যক্রম এবং বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্য বিষয়ে অবহিতকরণের লক্ষ্যে ভিডিও কলের মাধ্যমে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জেলা তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) মুহা. শিপলু জামান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বাল্যবিবাহ-যৌতুক,মাদক,গুজব রোধে সকলকে সচেতন থাকার আহ্বান জানান এবং উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন।

প্রধান অতিথির সাথে মতবিনিময়ে উক্ত পল্লীর সর্দার মোঃ আমির জানান, দীর্ঘ প্রায় ২৭ বছর তারা এ পল্লীতে বসবাস করে আসতেছে। কাছাকাছি কোন বিদ্যালয় না থাকায় এ পল্লীর শিশুরা শিক্ষার আলো থেকে বঞ্চিত। সরকার যখন শিক্ষার হার শতভাগ উন্নীত করার জন্য শিক্ষা সহায়তা কর্মসূচির মাধ্যমে শিশুদের শিক্ষার প্রতি উৎসাহিত করছেন ঠিক তখন এ পল্লীর প্রায় ৭০ পরিবারের ছেলে মেয়েরা থেকে যাচ্ছে অন্ধকারে। তাই একটি স্কুল প্রতিষ্ঠার জোর দাবি জানান। উক্ত পল্লীর অপর সর্দার আমির জানান, বাল্যবিবাহ সম্পর্কে আমাদের কোন ধারণা নেই, এ অনুষ্ঠানের মাধ্যমে বাল্যবিবাহের কুফল এবং আইনগত বিষয়ে জানতে পেরে আমরা উপকৃত হয়েছি। তিনি আরও জানান,বাহিরের কিছু লোকজন এসে উক্ত পল্লীতে মাদক বিক্রি করে, তাই আইন শৃঙ্খলা বাহিনীর আরও বেশি সচেষ্ট হওয়া প্রয়োজন। তবে ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে এ পল্লীতে বসবাসকারী মানুষের সেবায় কিছু প্রদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

উঠান বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্য অর্জন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, আশ্রয়ণ প্রকল্প, শিক্ষা সহায়তা কর্মসূচি, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতনতা বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে বেদে পল্লীর নারী- পুরুষ এবং শিশুরা অংশগ্রহন করেন।

আজকালের কন্ঠ /রাকিব