জ্বালানি তেল চোরাকারবারি চক্রের সদস্য আটক, পিকআপ জব্দ | Daily AjKaler Kontho

জ্বালানি তেল চোরাকারবারি চক্রের সদস্য আটক, পিকআপ জব্দ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ৩০, ২০২২, ২:৫৮ অপরাহ্ন
জ্বালানি তেল চোরাকারবারি চক্রের সদস্য আটক, পিকআপ জব্দ

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি এলাকা থেকে ১ হাজার ৫০ লিটার চোরাই জ্বালানি তেলসহ মো. নুর আলম (৩৮) নামের চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব-৭। এ সময় জাহাজের সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটক মো. নুর আলম পটুয়াখালী জেলার গলাচিপা থানার ছোটসিফা এলাকার সেকান্দর হাওলাদারের ছেলে।

মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মো. নুরুল আবছার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শেরশাহ এলাকায় পাকা রাস্তার ওপর জাহাজের চোরাই জ্বালানি তেল বেচাকেনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ১০টায় অভিযান চালিয়ে জাহাজের চোরাই জ্বালানি তেল বহনকারী একটি পিকআপসহ মো. নুর আলমকে আটক করা হয়। এ সময় পিকআপ থেকে ৩৫টি তেলের জারিকেনে সংরক্ষিত ১ হাজার ৫০ লিটার চোরাই জ্বালানি তেল এবং জাহাজের বিভিন্ন চোরাই সরঞ্জাম উদ্ধারসহ করা হয়। এ সময় তেল বহনকারী পিকআপটি জব্দ করা হয়।

নুর আমিন দীর্ঘদিন ধরে চোরাই জ্বালানি তেল অবৈধভাবে সংগ্রহ করে অপেক্ষাকৃত কম দামে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছে। উদ্ধার করা জ্বালানি তেলের আনুমানিক মূল্য ৮৪ হাজার টাকা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামি ও উদ্ধার করা তেল ও সরঞ্জাম থানায় হস্তান্তর করা হয়েছে।

আজকালের কন্ঠ /আর /রবিন