প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বদলে গেছে : তথ্যমন্ত্রী | Daily AjKaler Kontho

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বদলে গেছে : তথ্যমন্ত্রী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২৭, ২০২২, ১:৪৩ অপরাহ্ন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বদলে গেছে : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বদলে গেছে। কয়েক বছর পর বিদেশ থেকে দেশে ফিরলে নিজের এলাকা আর সহজে চেনা যায় না। গ্রাম ও শহরের পার্থক্য প্রায় ঘুচে গেছে।

জেনেভায় স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় সেখানকার একটি রেস্তোরাঁয় স্থানীয় বাংলাদেশ কমিউনিটির সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, দেশে কুঁড়েঘর, মেঠোপথ বা খালি পায়ে মানুষ দেখা যায় না। আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল বাংলাদেশ। কিন্তু এ উন্নয়ন যাদের সহ্য হয় না, তাদের অনেকে বিদেশে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচার ও বিদ্বেষ ছড়ায়, নানা ষড়যন্ত্র-চক্রান্ত করে।

এদের চিহ্নিত করে সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষকে জানাতে আওয়ামী লীগের নেতাকর্মী ও দেশপ্রেমিক প্রবাসীদের এ সময় আহ্বান জানান ড. হাছান মাহমুদ।

তিনি আরো বলেন, ২০১৩-১৫ সালে বিএনপি, জামাতের হরতাল-অবরোধের নামে যেভাবে পেট্রোলবোমা ছুঁড়ে জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছে, সেই চিত্র তাদের জানাতে হবে।

সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল জমাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্যামল খানের সঞ্চালনায় কমিউনিটি প্রতিনিধিদের মধ্যে মোজাম্মেল হক, পলাশ বড়ুয়া প্রমুখ আলোচনায় অংশ নেন।

আজকালের কন্ঠ /রাকিব