১৫ আগস্ট সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার নির্দেশ আইজিপি ড. বেনজীর আহমেদ | Daily AjKaler Kontho

১৫ আগস্ট সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার নির্দেশ আইজিপি ড. বেনজীর আহমেদ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১১, ২০২২, ৭:০০ অপরাহ্ন
১৫ আগস্ট সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার নির্দেশ আইজিপি ড. বেনজীর আহমেদ

আজকালের কন্ঠ ডেস্ক : আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের সব ইউনিট প্রধানকে নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

আজ বৃহস্পতিবার বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এ নির্দেশ দেন তিনি। সভায় আইজিপি ছাড়াও সব পুলিশ ইউনিটের প্রধান, সব মেট্রোপলিটন, রেঞ্জ ও জেলার পুলিশ সুপার যুক্ত ছিলেন।

আইজিপি বলেন, ‌‘জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তি ও কূটনীতিকদের যাতায়াতে এবং অনুষ্ঠানস্থলের সর্বোচ্চ নিরাপত্তা দিতে হবে। জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো গুজব ছড়াতে না পারে, সেদিকে সতর্ক দৃষ্টি দিতে হবে।’

তিনি বলেন, ‘জঙ্গি ও নিষিদ্ধঘোষিত সংগঠনের সদস্য এবং অন্য সন্ত্রাসীদের সম্পর্কে গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে পর্যাপ্ত সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে হবে।’

আইজিপি জাতীয় শোক দিবসের অনুষ্ঠান চলাকালে পুলিশি টহল জোরদার এবং বিট পুলিশ কর্মকর্তাদের নিজ নিজ অধিক্ষেত্রে সরব উপস্থিতি ও নজরদারি বাড়ানোর নির্দেশ দেন। এ উপলক্ষে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও আয়োজকদের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয়ের নির্দেশনাও দেন তিনি।

জাতীয় শোক দিবসে গণভোজে খাবার বিতরণকালে বিট পুলিশ কর্মকর্তাদের উপস্থিত থাকার নির্দেশ দেন আইজিপি।

আাজকালের কন্ঠ /রাকিব