নভেল করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে চালু হয়েছে গণপরিবহন। তবে রাজধানীর বাস টার্মিনালগুলোতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব।
মঙ্গলবার রাজধানীর বাস টার্মিনালগুলো ঘুরে পর্যাপ্ত জীবাণুনাশক ব্যবহারের প্রস্তুতি তেমন দেখা যায়নি এবং বাসে ওঠা নামার ক্ষেত্রে সামাজিক দূরত্বের চিত্রও ছিল বেহাল। মহাখালী বাস টার্মিনালে তিনটি জীবাণুনাশক টানেল স্থাপন করা হলেও একটি সচল, বাকি দুটির কার্যকারিতা এখনো শুরু হয়নি।
তবে একেক কোম্পানির বাসে একেক ধরনের স্বাস্থ্যবিধির প্রস্তুতি দেখা গেছে। কিছু বাসে জীবাণুনাশক ব্যবহার করলেও তাপমাত্রা মাপার যন্ত্র দেয়া হয়নি। আবার যারা ব্যবহার করছে তারাও প্রশিক্ষিত নন বলে স্বীকার করেছেন টার্মিনালের শ্রমিক নেতারা। তারা বলছেন, এসব ব্যবহারে তারা অভ্যস্ত নন এবং তাদের পর্যাপ্ত সময় দেয়া হয়নি, যার কারণে কিছুটা সমস্যা হচ্ছে।
অন্যদিকে যাত্রীরা বাড়তি ভাড়া নেয়ার অভিযোগও তুলেছেন। তারা বলছেন, তাদের থেকে ৬০ থেকে ৮০ ভাগ পর্যন্ত বাড়তি ভাড়া নেয়া হচ্ছে।
বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিরুল ইসলাম গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে এবং জীবাণুনাশক স্প্রে ব্যবহার করেই বাসগুলোতে যাত্রী বহন করা হচ্ছে। তবে অতিরিক্ত ভাড়া নেয়ার বিষয়টি তার নজরে আসেনি।
আপনার মতামত লিখুন :