সব ধর্মের প্রতি আমি শ্রদ্ধাশীল : অপু | Daily AjKaler Kontho

সব ধর্মের প্রতি আমি শ্রদ্ধাশীল : অপু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০১৯, ১০:২১ পূর্বাহ্ন
সব ধর্মের প্রতি আমি শ্রদ্ধাশীল : অপু

বিনোদন ডেস্ক : কয়েকদিন পরই শুরু হতে যাচ্ছে পূজা উৎসব। ছোটবেলার পূজায় আমরা সবাই মিলে অনেক মজা করতাম। পরিবারের সদস্যদের সঙ্গে বিভিন্ন পূজামণ্ডপে ঘুরে বেড়াতাম। ছোটবেলার পূজাকে ঘিরে অনেক স্মৃতিই জমে ওঠে মনের কোণে।

শাড়ি পরে মণ্ডপে মণ্ডপে ঘুরতাম, আর সুন্দর সুন্দর ছেলেদের খুঁজে বেড়াতাম। সেই মজার মুহূর্ত এবং স্মৃতিগুলো এখন খুব মিস করি। এবারের পূজা নিয়েও অনেক পরিকল্পনা আছে। আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর পূজা মণ্ডপ রয়েছে। মা এবং ছেলেকে নিয়ে এবারের পূজায় বিভিন্ন মণ্ডপে যাওয়ার ইচ্ছা রয়েছে।

পূজা পালন নিয়ে আমার ভক্তদের মনে হয়তো সংশয় থাকতে পারে। আমি তাদের জন্য বলতে চাই, সব ধর্মের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। আমার যখন শাকিব খানের সঙ্গে বিয়ে হয়েছে তখন আমি এক ঝলক কাবিননামা দেখে পরে আর তার কোনো হদিস পাইনি। আদালতের মাধ্যমে যেভাবে ধর্মান্তর করা হয় আমার বেলায় সে রকম কিছুই হয়নি। ঈদ এবং ইসলাম ধর্মের প্রতি আমার যথেষ্ট সম্মান রয়েছে।

কিন্তু আমার কখনও ঈদ উদযাপন করা হয়নি। কোরবানি ঈদ থেকে শুরু করে কোনো ঈদে, কোনোদিন কিংবা এখনও আমি গো-মাংস স্পর্শ করিনি। আমার বাসার কাজের লোকদের জন্য আমি খাসি কোরবানির ব্যবস্থা করি। তা ছাড়া মিডিয়াতে আমার নাম অপু বিশ্বাস থেকে অপু ইসলাম খান নামে প্রচার করা হয়েছে। এ নামের পরিবর্তন যেভাবে করতে হয় সেই ধরনের কোনো কিছুই করা হয়নি। আমি যেহেতু ভালোবেসে বিয়ে করেছিলাম আমি ধর্ম পরিবর্তন করার জন্যও প্রস্তুত ছিলাম। কিন্তু কোরআন শিক্ষা বা ধর্মান্তর এ কিছুই করা হয়নি।

আমার ছেলে যেহেতু আমার সঙ্গে আছে সে আমার মতো করেই বড় হচ্ছে। সে তার বাবার সঙ্গে কখনও ঈদ করেনি। ভবিষ্যতের কথা তো বলতে পারব না, তবে আমার সন্তানকে নিয়ে তার বাবার আদরকে আমার কাছে ছেলেমানুষি মনে হয়।

সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। যখন ভালোবেসে বিয়ে করেছিলাম তখন তো আর জানতাম না আমার জীবনে এমন সময় আসবে। যেহেতু আমার কোনো ধর্মান্তর হয়নি, তাই আমি আমার ধর্মানুযায়ী চলছি এবং সেভাবেই চলতে চাই।

লেখক: চিত্রনায়িকা