‌‌‘সমালোচনা করা সহজ, কাজ করা কঠিন’ | Daily AjKaler Kontho

‌‌‘সমালোচনা করা সহজ, কাজ করা কঠিন’


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১২, ২০২১, ৭:৫২ অপরাহ্ন
‌‌‘সমালোচনা করা সহজ, কাজ করা কঠিন’

‘করোনার সময় বিরোধী দলের কাউকেই মানুষের পাশে দেখিনি। শুধু টেলিভিশনে বসে সমালোচনা করতে দেখেছি। সমালোচনা করা অনেক সহজ, কাজ করা কঠিন।’

বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে সিডিসি ও বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন আয়োজিত ‘করোনা ও ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় বিষয়ক সভায়’ প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এ কথা বলেন।

তিনি বলেন, দেশে ভ্যাকসিনের ব্যাপক চাহিদার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জানালে তিনি দ্রুতই চীনের সিনোফার্মের ৬ কোটি ভ্যাকসিন কেনার ব্যাপারে নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সেই ৬ কোটি ভ্যাকসিন ক্রয়ের জন্য অর্থ মন্ত্রণালয় সময়মতো টাকা ছাড় দিয়ে অনুমোদন দিয়েছে। এখন ধাপে ধাপে এ টিকা দেশে আসতে থাকবে।

জাহিদ মালেক বলেন, অন্যান্য মাধ্যমেও আমাদের আশানুরূপ কার্যক্রম চলমান। আশা করা যাচ্ছে, দেশে চলমান টিকা কার্যক্রমের গতি চলমানই থাকবে।

তিনি বলেন, করোনা নিয়ন্ত্রণে না রাখতে পারলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, কর্মহীন লোকের সংখ্যা বেড়ে যাবে। এ কারণে এখনই আমাদের করোনা নিয়ন্ত্রণ করা খুব জরুরি।

করোনার দুঃসময়ও দেশের স্বাস্থ্যখাত নিয়ে ‘মিথ্যা’ সমালোচনা করা প্রসঙ্গে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী বলেন, আমরা মাঝে মাঝে অনেক সমালোচনার মুখে পড়ি। সমালোচকরা অসুস্থ হলে কোথায় চিকিৎসা নিতে আসেন? যে ডাক্তার চিকিৎসা দেন তাদেরই আপনারা সমালোচনা করেন।

তিনি বলেন, আজ স্বাস্থ্য বিভাগের ডাক্তাররা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। শুধু করোনার চিকিৎসা নয়, অন্য রোগীর চিকিৎসাও দিচ্ছেন তারা।

জাহিদ মালেক বলেন, সংক্রমণ কিছুটা কমে এসেছে। মৃত্যু একটু বেশি আছে। এ সংক্রমণ আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে। এজন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বাস-ট্রেন গণপরিবহনে গাদাগাদি করে চললে হবে না।

তিনি বলেন, পৌনে দুই কোটি মানুষকে টিকা দেয়া হয়েছে। কোটি কোটি লোক নিবন্ধন করেছে। আমরা সবাইকে একবার টিকা দিতে পারব না। পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে টিকা দেয়া হবে।

ডেঙ্গু যেন না হয় সে বিষয়ে সজাগ থাকতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু হলে নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ সেবা দেয়ার আপ্রাণ চেষ্টা করবে। ডেঙ্গু যেন না হয় সেজন্য সবাইকে কাজ করতে হবে।