দেশে করোনা সংক্রমণ রোধে ২১ কোটি টিকার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
শনিবার কোভিড-১৯ সংক্রমণের ঊর্ধ্বগতি প্রতিরোধ, অক্সিজেন সংকট, হাসপাতালের সুযোগ-সুবিধা ও শয্যা সংখ্যা বৃদ্ধি শীর্ষক সভায় বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
আগামী বছর পর্যন্ত এই টিকাগুলো পর্যায়ক্রমে দেশে আসবে জানিয়ে জাহিদ মালেক বলেন, এর মধ্যে এখন আমাদের হাতে আছে ৩ কোটি চায়নার টিকা, ৭ কোটি কোভ্যাক্সের টিকা, ১ কোটি রাশিয়ার টিকা, ৩ কোটি অ্যাস্ট্রাজেনেকার টিকা ও ৭ কোটি জনসনের টিকা আসবে। এই টিকা পেলে ৮০ ভাগ মানুষকে টিকা ব্যবস্থা করা যাবে।
ফ্রন্ট লাইনের যোদ্ধাদের মধ্যে যারা আছেন তাদের আগে টিকার আওতায় আনা হবে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে সেনাবাহিনী, শিক্ষক ও চিকিৎসকরা আছেন। আর তাদের পরিবারের ১৮ বছরের ঊর্ধ্বে সবাইকেই টিকা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সুরক্ষা অ্যাপে টিকা নিবন্ধন প্রসঙ্গে মন্ত্রী বলেন, যারা সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে পারছেন না, তাদের জন্য সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, তারা জাতীয় পরিচয় পত্র দিয়েই টিকা নিতে পারবেন। পরবর্তীতে তারা সুরক্ষা অ্যাপে টিকার নিবন্ধন করতে পারবেন।
আপনার মতামত লিখুন :