সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, বাড়বে তাপমাত্রাও | Daily AjKaler Kontho

সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, বাড়বে তাপমাত্রাও


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ২৯, ২০২১, ৩:৫৩ অপরাহ্ন
সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, বাড়বে তাপমাত্রাও

সারা দেশের বৃষ্টিপাত নিয়ে নতুন খবর জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় ‘যশ’র প্রভাব কেটে গেলেও আজ থেকে তিন দিন সারাদেশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে।

শনিবার সকালে আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বর্ষা মৌসুম শুরু হওয়ার আগে আগে এ মাসের শেষ দিকে অর্থাৎ ৩০ ও ৩১ তারিখেও বৃষ্টির সম্ভাবনা আছে। তবে বৃষ্টির মাত্রা কম হবে। ৩১ তারিখের পর আবার তাপমাত্রা কমবে। তখন আবার বৃষ্টিপাত বেড়ে যেতে পারে।

রুহুল কুদ্দুস আরো বলেন, আগামী তিন দিন রাজশাহী ও রংপুর বিভাগে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। ময়মনসিংহের বেশ কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

এদিকে গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বাড়তে পারে। একই সঙ্গে রাতের তাপমাত্রা বাড়তে পারে।

পরবর্তী ৪৮ ঘণ্টা বা দুই দিনের পূর্বাভাসেও আবহাওয়ায় পরিবর্তনের পূর্বাভাস দেয়া হয়েছে। আর সামনে বর্ষা মৌসুম হওয়ায় আগামী পাঁচ দিন পর্যন্ত বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এদিকে ঘূর্ণিঝড় ‘যশ’ ভারতের ওড়িশা উপকূল অতিক্রমের পর নিম্নচাপে পরিণত হয়ে ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি আরো উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। পরবর্তীতে ‘যশ’ আরো উত্তর দিকে অগ্রসর হয়ে আস্তে আস্তে দুর্বল হয়ে যেতে পারে।