
কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য ও লেনদেনের বিবরণ চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ বিষয়ে চিঠি পাঠায় বিএফআইইউ। বিষয়টি নিশ্চিত করেছে কয়েকটি ব্যাংক।
বিএফআইইউর পাঠানো চিঠিতে সালমান মুক্তাদিরের নামে থাকা ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য, হিসাব খোলার ফরম (এওএফ), গ্রাহকের পরিচিতি-সংক্রান্ত নথি (কেওয়াইসি) এবং হিসাবের শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত লেনদেনের বিবরণী পাঠাতে বলা হয়েছে।
চিঠিতে সংশ্লিষ্ট হিসাবগুলোর প্রয়োজনীয় তথ্য নির্ধারিত ফরমে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে ব্যাংক হিসাবের তথ্য চাওয়ার নির্দিষ্ট কারণ বিএফআইইউর চিঠিতে উল্লেখ করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে সম্প্রতি রাজধানীর ইসিবি চত্বর এলাকার ‘ব্রাউনফিশ’ স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা নিয়ে আলোচনায় আসেন সালমান মুক্তাদির। এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
হামলার পর সালমান মুক্তাদির প্রথমদিকে চাঁদা চাওয়ার অভিযোগ তুলেছিলেন। পরে এ বিষয়ে তাঁর বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়। একই ঘটনায় জমি-সংক্রান্ত বিরোধের কথাও আইনশৃঙ্খলা সংশ্লিষ্টদের বক্তব্যে উঠে এসেছে।
এর আগে ২৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি পাওয়া কনটেন্ট নির্মাতাদের আরও দায়িত্বশীলভাবে বক্তব্য ও কর্মকাণ্ড পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন।
তবে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলবের সঙ্গে তাঁর স্টুডিওতে হামলার ঘটনার কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :