নেত্রকোণায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ শুরু | Daily AjKaler Kontho

নেত্রকোণায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ শুরু


সুশীল আচার্য্য, নেত্রকোণা প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৯, ২০২৬, ৪:০৮ অপরাহ্ন
নেত্রকোণায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ শুরু

নেত্রকোণায় প্রথমবারের মতো শুরু হয়েছে ‘কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’।

শনিবার সকালে শহরের মোক্তারপাড়া মাঠে পায়রা ও বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান।

নেত্রকোণার পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, নেত্রকোণা পৌর প্রশাসক মুন মুন জাহান লিজা, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলামসহ অন্যরা।

ডিআইজি বলেন,কিশোর-কিশোরীদেরকে, তরুণ সমাজকে অপরাধমূলক কর্মকাণ্ড এবং নেশার হাতছানি থেকে বিরত রেখে তাদেরকে সঠিক পথে এবং সুস্থ বিনোদনের দিকে আকৃষ্ট করতে খেরাধুলা অপরিহার্য।

​তৃণমূল পর্যায় থেকে যেন ভালো খেলোয়াড় তৈরি করা এবং প্রতিযোগিতার মাধ্যমে সুস্থ প্রতিযোগিতা, সুস্থ বিনোদনগুলিতে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

নেত্রকোণা জেলা পুলিশের আয়োজনে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় জেলার ১০টি থানার ১০টি করে বালক ও বালিকা দল অংশ নিচ্ছে। মোট ২০টি দলকে ‘ক’ ও ‘খ’—দুই গ্রুপে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল রবিবার ফাইনাল শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

আয়োজকরা জানান, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক বন্ধন জোরদার করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

আজকালের কন্ঠ/আর বি