
প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করার লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়নাধীন “প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেজ)” প্রকল্পের আওতায় নাসিরনগরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ে আয়োজনে ১০ দিনব্যাপী পেশাভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ও অনুদানের চেক বিতরন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও এককালীন আর্থিক অনুদান বিতরণ করা হয়।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরফান উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সাংসদ এমএ হান্নান।প্রধান অতিথি বলেন, দক্ষতা উন্নয়নভিত্তিক প্রশিক্ষণ প্রান্তিক জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ ও টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের এ ধরনের মানবিক ও কর্মমুখী উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করার পাশাপাশি দারিদ্র্য বিমোচনেও কার্যকর অবদান রাখবে।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রাখেশ পাল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অদিতি রায়, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কৃষ্ণ লাল ঘোষ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন ভট্টাচার্য,উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ লুৎফর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা,মুক্তিযুদ্ধা কমান্ড আব্দুল কাদের, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ।
অনুষ্ঠানের শেষ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা ৩০ জন প্রান্তিক পেশাজীবীর প্রত্যেকের হাতে এককালীন ১৮ হাজার টাকা চেক ও প্রশিক্ষণ সনদপত্র তুলে দেওয়া হয়। প্রশিক্ষণার্থীরা সরকারের এ উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচি আরও বিস্তৃত পরিসরে বাস্তবায়নের দাবি জানান।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :