আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ | Daily AjKaler Kontho

আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ


মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৬, ১:০১ অপরাহ্ন
আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ

নওগাঁর আত্রাইয়ে ক্ষিদ্রকালিকাপু দাউদিয়া আলিম মাদ্রাসার চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে শ্রেণিকক্ষে তুচ্ছ কথাকে কেন্দ্র করে এক শিক্ষক বেধড়ক মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। এতে মোছা. তাওসিন (৯) নামে ওই ছাত্রী আহত হয়ে নাক দিয়ে রক্তপাতের শিকার হয়। পরে তাকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে আহত ছাত্রীর বাবা মো. রেজাউল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মাদ্রাসায় ক্লাস চলাকালে তুচ্ছ কথাকে কেন্দ্র করে শিক্ষক আকরাম সরদার চতুর্থ শ্রেণির ছাত্রী তাওসিনকে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে ছাত্রীটির নাক দিয়ে রক্তপাত শুরু হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ছাত্রীর বাবা মো. রেজাউল ইসলাম অভিযোগ করেন, ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেওয়ার পর বিবাদী পক্ষ তাদের বাড়িতে হামলা চালায় এবং তার এক ভাতিজাকে মারধর করে। এ ঘটনায় তার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছে বলেও দাবি করেন তিনি।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক আকরাম সরদারের বক্তব্য জানা যায়নি। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

আজকালের কন্ঠ/আর বি