তারাগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় রংপুরে ভর্তি | Daily AjKaler Kontho

তারাগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় রংপুরে ভর্তি


মোঃ সোহেল রানা, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ৯, ২০২৬, ৫:২২ অপরাহ্ন
তারাগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় রংপুরে ভর্তি

রংপুরের তারাগঞ্জ উপজেলায় গরুহাটিতে পূর্ব বিরোধের জের ধরে প্রকাশ্যে এক ব্যবসায়ীকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। এতে মেসার্স সামস ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুল মজিদ গুরুতর আহত হয়েছেন। হাতের কবজিতে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। আজ দুপুর ২টার দিকে উপজেলার তারাগঞ্জ বাজারের গরুহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আব্দুল মজিদ তারাগঞ্জ বাজারের ‘মেসার্স সামস ট্রেডার্স’ নামক রড, সিমেন্ট ও টিনের দোকানের মালিক। তার দোকানটি গরুহাটি এলাকায় অবস্থিত।

স্থানীয়রা জানান, দুপুরে হঠাৎ ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। হামলার সময় হামলাকারীরা তাকে এলোপাথাড়ি কোপাতে থাকে, যার ফলে তার কবজি ও শরীরের অন্যান্য অংশে গুরুতর জখম হয়।

গুরুতর আহত অবস্থায় স্বজনরা দ্রুত আব্দুল মজিদকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে রেফার করেন। তার কবজির অবস্থা অত্যন্ত নাজুক বলে জানিয়েছেন।

আহত আব্দুল মজিদের বড় ছেলে সাংবাদিকদের জানান, “জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে কুর্শা ইউনিয়নের জদ্দিপাড়া এলাকার মোখলেছার রহমানের ছেলে সোহেল মণ্ডলের সঙ্গে আমাদের বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলাও চলছে। ওই মামলার জেরে সোহেল মণ্ডল আজ দুপুরে ধারালো ছুরি দিয়ে আমার বাবাকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি কুপিয়েছে।”

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

আজকালের কন্ঠ/আর বি