কলারোয়া সীমান্তে সাড়ে ১০ লাখ টাকার চোরাচালানী পণ্য জব্দ | Daily AjKaler Kontho

কলারোয়া সীমান্তে সাড়ে ১০ লাখ টাকার চোরাচালানী পণ্য জব্দ


সাতক্ষীরা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ৮, ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
কলারোয়া সীমান্তে সাড়ে ১০ লাখ টাকার চোরাচালানী পণ্য জব্দ

অদ্য ০৭ আগস্ট ২০২৬ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ কাকডাঙ্গা, সুলতানপুর ও চান্দুরিয়া বিওপি এবং ঝাঁউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ঔষধ, পাতার বিড়ি, নেহা মেহেদী এবং চা-পাতা আটক করে।

কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৫ ও ৬ আরবি হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গেড়াখালি ও ভাদিয়ালি নামক স্থান হতে ৭,৮০,০০০/-টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।

সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৫/৫-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন তালসারি নামক স্থান হতে ৩৫,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৭/৭-এস এর ১৬ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কাঁদপুর নামক স্থান হতে ১,৮৫,০০০/-টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ঔষধ আটক করে। এছাড়াও, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন হরিণা স্কুল মোড় নামক স্থান হতে ২৯,০০০/- টাকা মূল্যের ভারতীয় পাতার বিড়ি, নেহা মেহেদী এবং চা-পাতা আটক করে।

আভিযানিকদল সর্বমোট=১০,২৯,০০০/-(দশ লক্ষ ঊনত্রিশ হাজার) টাকা মূল্যের চোরাচালানী মালামাল আটক করে।

চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

আজকালের কন্ঠ/আর বি