দুমকিতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা | Daily AjKaler Kontho

দুমকিতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা


দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা প্রকাশের সময় : অগাস্ট ৫, ২০২৬, ৮:২৭ অপরাহ্ন
দুমকিতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পটুয়াখালীর দুমকিতে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে দুই শহীদ পরিবারের সদস্য এবং গেজেটভুক্ত ১৬ জন জুলাই যোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন। এতে বক্তব্য দেন দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহীদুল ইসলাম শাহীন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুনীল চন্দ্র দেবনাথ, উপজেলা মৎস্য কর্মকর্তা মু. মাহফুজুর রহমান, প্রেসক্লাব দুমকির সভাপতি অধ্যক্ষ মো. জসিম উদ্দিন সুমন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা জালাল আহমেদ খান এবং জুলাই যোদ্ধা মো. ফয়সাল হোসেনসহ অন্যান্যরা।

অনুষ্ঠানের শুরুতেই ফুলেল শুভেচ্ছার মাধ্যমে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের বরণ করে নেওয়া হয়। পরে আলোচনা সভায় বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের পটভূমি, শহীদদের আত্মত্যাগ এবং তাদের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন, রচনা ও বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।

আজকালের কন্ঠ/আর বি