দেবিদ্বারে ছাত্রলীগের মিছিল: তিন প্রবাসীসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা | Daily AjKaler Kontho

দেবিদ্বারে ছাত্রলীগের মিছিল: তিন প্রবাসীসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা


কুমিল্লা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ৪, ২০২৬, ২:৪৫ অপরাহ্ন
দেবিদ্বারে ছাত্রলীগের মিছিল: তিন প্রবাসীসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা

কুমিল্লা দেবিদ্বার উপজেলার ইউসুফপুর ইউনিয়ন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় গত ১ আগস্ট সকালে ছাত্রলীগের একটি মিছিলকে কেন্দ্র করে দায়ের করা মামলায় প্রবাসে অবস্থানরত তিন ব্যক্তিসহ একাধিক নিরীহ মানুষকে আসামি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মামলার নথি অনুযায়ী, ৬ নম্বর আসামি ইকবাল হোসেন রুবেল, যিনি দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক। তাঁর পরিবারের দাবি, তিনি গত প্রায় ২৩ মাস ধরে কাতারে অবস্থান করছেন। এছাড়া ৭ নম্বর আসামি সাইদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ৯ নম্বর আসামি শাওন, পৌর ছাত্রলীগের সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক। তাদের স্বজনদের দাবি, তারা দুজনই প্রায় দেড় বছর ধরে সৌদি আরবে অবস্থান করছেন।

অভিযোগ রয়েছে, মামলায় এমন ব্যক্তিদেরও আসামি করা হয়েছে, যারা ঘটনার সময় দেশে ছিলেন না কিংবা কোনো মিছিল-মিটিং বা রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেননি। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১ আগস্ট সকালে কুমিল্লা–সিলেট মহাসড়কের ইউসুফপুর এলাকায় বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ৩৫ থেকে ৪০ জন নেতাকর্মী ঝটিকা মিছিল বের করে সরকারবিরোধী স্লোগান দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা সেখান থেকে চলে যান। পরে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ২৩ জনকে শনাক্ত করা হয় এবং আরও ১৫ থেকে ২০ জন অজ্ঞাতনামাকে আসামি করে মামলা দায়ের করা হয়।

স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, প্রকৃত ঘটনা তদন্ত করে নির্দোষ ব্যক্তিদের মামলা থেকে অব্যাহতি দেওয়া উচিত। তাদের মতে, যদি কোনো নিরপরাধ ব্যক্তিকে ভুলবশত বা অন্যায়ভাবে আসামি করা হয়ে থাকে, তাহলে তা আইনের শাসনের পরিপন্থী। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং নিরীহ মানুষকে হয়রানি থেকে রক্ষার দাবি জানান।

এই বিষয়ে মামলার বাদী অপু বড়ুয়াকে কল দিলে তিনি বলেন কিছুই জানেন না, এই মামলার বিষয়ে জানতে চাইলে ওসি স্যারকে কল দেন ।

এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, “ঘটনার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত মামলা করতে হয়েছে। তাই আসামিদের কেউ বিদেশে অবস্থান করছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। তদন্তের মাধ্যমে বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

প্রতিবেদনটি প্রকাশের সময় পর্যন্ত মামলার তদন্ত কার্যক্রম চলমান ছিল।

আজকালের কন্ঠ/আর বি