
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে কুড়িগ্রামে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান” প্রতিপাদ্যকে সামনে রেখে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং সিভিল সার্জন অফিস, কুড়িগ্রামের বাস্তবায়নে রোববার সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় মাতৃদুগ্ধের উপকারিতা, নবজাতকের সুস্থ বৃদ্ধি ও বিকাশে এর অপরিহার্য ভূমিকা এবং মাতৃদুগ্ধ পান বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. আ. ন. ম. গোলাম মোহাইমেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. আবু রায়হান। এছাড়া এসএসবিসি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার আব্দুল আজিজ মিয়া, ফ্রেন্ডশিপ, গুড নেইবারস, সেভ দ্য চিলড্রেন, ব্যুরো বাংলাদেশ, ব্র্যাকসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা এবং বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী ও স্বাস্থ্যকর্মীরা অংশ নেন।
আলোচনায় বক্তারা বলেন, জন্মের পর প্রথম ছয় মাস শিশুকে শুধুমাত্র মায়ের বুকের দুধ (এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং) খাওয়ানো নিশ্চিত করতে হবে। এরপর নির্ধারিত সময়ে পুষ্টিকর পরিপূরক খাবার শুরু করার পাশাপাশি দুই বছর বা তারও বেশি সময় পর্যন্ত মাতৃদুগ্ধ পান অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে মাঠপর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, প্রতিবছরের মতো এ বছরও ১ থেকে ৭ আগস্ট পর্যন্ত দেশব্যাপী বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হচ্ছে। সপ্তাহব্যাপী এ উপলক্ষে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :