
লক্ষ্মীপুরে এক বিএনপিকর্মীকে মারধর এবং তার মোটরসাইকেল ও মোবাইল ফোন ভাঙচুরের অভিযোগ উঠেছে জেলা ও দায়রা জজ আদালতের এক আইনজীবীর বিরুদ্ধে। এ ঘটনায় আহত বিএনপিকর্মী মো. শরীফ বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে লক্ষ্মীপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার ভবানীগঞ্জ চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহত শরীফকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত মো. শরীফ জানান, অভিযুক্ত আইনজীবী আনিসুল ইসলামের সঙ্গে তাদের পৈত্রিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিষয়ে জেলা আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে। এর আগে বিভিন্ন সময় তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
শরীফের দাবি, ঘটনার দিন তিনি মোটরসাইকেলে করে মাছের খাবার কিনতে ভবানীগঞ্জ চৌরাস্তা এলাকায় গেলে আনিসুল ইসলাম কয়েকজন সহযোগীকে নিয়ে তার পথরোধ করেন। এ সময় তাকে গালিগালাজ করে ‘তুই ফ্যাসিস্ট’ বলে এলোপাতাড়ি কিল-ঘুষি মারা হয়। হামলায় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। একই সঙ্গে তার ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন ভাঙচুর করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
আহত শরীফ সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের বিনোদধর্মপুর গ্রামের বাসিন্দা। তিনি নিজেকে বিএনপির সক্রিয় কর্মী বলে দাবি করেছেন। অভিযুক্ত আইনজীবী আনিসুল ইসলামও একই এলাকার বাসিন্দা এবং লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী।
তবে অভিযোগ অস্বীকার করে আইনজীবী আনিসুল ইসলাম বলেন, “শরীফের সঙ্গে আমার দেখা হয়েছে। তিনি মাদকাসক্ত। একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”
এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার বলেন, “ঘটনার কথা শুনেছি। আমাদের কাছে লিখিত অভিযোগ এলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, “এক ব্যক্তিকে মারধরের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
আপনার মতামত লিখুন :