বিকে নগরে ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক | Daily AjKaler Kontho

বিকে নগরে ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক


শাহাজাদী সুলতানা, বিশেষ প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ২৯, ২০২৬, ৫:৫৬ অপরাহ্ন
বিকে নগরে ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকে নগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কেয়া বাজার এলাকার মো. জব্বর মাদবরের বাড়ির টয়লেটের ছাদের ওপর থাকা পানির ট্যাংকের কাছে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, হঠাৎ বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাম্প্রতিক সময়ে এলাকায় একের পর এক বিস্ফোরণ, সংঘর্ষ এবং ককটেল উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। অনেকেই আশঙ্কা প্রকাশ করে বলেন, এভাবে চলতে থাকলে এলাকাটি আতঙ্কের জনপদে পরিণত হবে।

খবর পেয়ে জাজিরা থানা পুলিশ ঘটনাটি সম্পর্কে অবগত হয়। এ বিষয়ে জাজিরা থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। তদন্তে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার প্রকৃত কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তা তদন্ত শেষ হলে বিস্তারিত জানা যাবে।

আজকালের কন্ঠ/আর বি